ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর দেশ রক্ষায় ৭০ লাখ ইরানির সামরিক বাহিনীতে যোগদান

তেহরান, ২ এপ্রিল – ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের প্রতিশোধমূলক পাল্টা আঘাতকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত এই পরিস্থিতিতে নিজ দেশ রক্ষায় ইরানের প্রায় ৭০ লাখ নাগরিক স্বেচ্ছায় সামরিক বাহিনীতে নাম নিবন্ধন করেছেন।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, একটি শক্তিশালী জাতীয় প্রচারণার ফলে লাখ লাখ ইরানি নাগরিক দেশ রক্ষায় অস্ত্র হাতে তুলে নিতে উদ্বুদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
এর আগে হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের কাছে খুব কম সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক অবশিষ্ট রয়েছে এবং তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। মার্কিন নাগরিকদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে এই সংঘাত আরও দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে তিনি বিশ্বাস করেন, সংঘাতটি এখন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিকভাবে ইরানে বিমান হামলা শুরু করার পর থেকেই পুরো অঞ্চলটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিজ ভূখণ্ডে হামলার কড়া জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব স্থানে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









