এশিয়া

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবায় আবারও জ্বালানি পাঠাচ্ছে রাশিয়া

হাভানা, ২ এপ্রিল – মার্কিন নিষেধাজ্ঞা ও চরম জ্বালানি সংকটের মুখে থাকা কিউবায় আবারও তেলবাহী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন অবরোধ উপেক্ষা করেই রাশিয়ান ফেডারেশন থেকে একটি জাহাজ কিউবার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে। রাশিয়া কোনোভাবেই কিউবানদের বিপদে একা ফেলে যাবে না বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। চলতি বছরের শুরুতে কিউবার দীর্ঘদিনের মিত্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আকস্মিক পদক্ষেপের পর হাভানা তার প্রধান তেল সরবরাহকারীকে হারায়।

এরপর থেকেই ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছে দেশটি। পাশাপাশি দ্বীপরাষ্ট্রটিতে তেল বিক্রি বা সরবরাহকারী যেকোনো দেশের ওপর শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার হুমকি দেয় ওয়াশিংটন। তবে গত সপ্তাহে মানবিক কারণ বিবেচনা করে মস্কোকে একটি তেলবাহী ট্যাংকার পাঠানোর অনুমতি দেওয়া হয়। ঐতিহাসিকভাবে হাভানার সঙ্গে মস্কোর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিউবার জ্বালানি সরবরাহ বন্ধ করার মার্কিন অপচেষ্টার তীব্র সমালোচনা করে আসছে রাশিয়া। অবরোধের কারণে কমিউনিস্ট শাসিত এই দ্বীপটি কয়েক সপ্তাহ ধরে চরম বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি রেশনিং এবং তীব্র খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এরই মধ্যে গত মঙ্গলবার সাত লাখ ত্রিশ হাজার ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি রুশ ট্যাংকার কিউবার মাতানজাস বন্দরে এসে পৌঁছেছে। এটি জানুয়ারি মাসের পর দেশটিতে পৌঁছানো প্রথম কোনো তেলের চালান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই কিউবাকে একটি বৈরী শাসনব্যবস্থা হিসেবে বিবেচনা করে আসছে। গত রবিবার ট্রাম্প জানান, কিউবায় রাশিয়ার তেল পাঠানো নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তার মতে, কিউবার সময় ফুরিয়ে এসেছে এবং তাদের বর্তমান শাসনব্যবস্থা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। তাই তারা এক জাহাজ তেল পেল কি পেল না, তাতে পরিস্থিতির কোনো বিশেষ পরিবর্তন হবে না বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language