২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি, মৃ*ত্যু নেই

ঢাকা, ২ এপ্রিল – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, ঢাকা বিভাগে ছয়জন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে রয়েছেন। এছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট এক হাজার ৭৮৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৮৯৩ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট চারজনের মৃত্যু হয়েছে।
এস এম/ ২ এপ্রিল ২০২৬









