চাঁদপুর

চাঁদপুরে বেশি দামে তেল বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর, ২ এপ্রিল – সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে চাঁদপুরে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শহরের ৫ নম্বর রেলওয়ে ঘাট এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, রেজিস্ট্রারে বিক্রির তথ্য লিপিবদ্ধ না করা, একাধিক বিক্রয় মেমো বই ব্যবহার এবং মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স শাহাজালাল ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এছাড়া নিয়মিত তদারকির অংশ হিসেবে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এই অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language