মধ্যপ্রাচ্য

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা: ২০০ সেনা হতাহতের দাবি

রিয়াদ, ২ এপ্রিল – সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এই হামলায় ২০০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই যুদ্ধবিমান চালক।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যে ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর তারা সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে এই হামলায় একটি গুরুত্বপূর্ণ মার্কিন এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা এডব্লিউএসিএস বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বোয়িং ই-৩ মডেলের ওই বিমানটির পাশাপাশি কয়েকটি রিফুয়েলিং বিমানও ক্ষতির শিকার হয়েছে এবং অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

জানা যায় উন্নত রাডারযুক্ত এই বিমানগুলো শতাধিক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। হামলার আগে যুক্তরাষ্ট্রের বহরে এমন মাত্র ১৬টি বিমান কার্যকর অবস্থায় ছিল। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

অন্যদিকে এই হামলার পেছনে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন রাশিয়া সম্প্রতি এই বিমান ঘাঁটির স্যাটেলাইট ছবি ইরানের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে ইরান নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে সক্ষম হয়।

জেলেনস্কি শতভাগ নিশ্চয়তা দিয়ে জানান গত ২০ ২৩ এবং ২৫ মার্চ রাশিয়ার স্যাটেলাইট নিয়মিতভাবে ওই ঘাঁটির ছবি ধারণ করেছিল যা হামলার পূর্বপরিকল্পনারই একটি সুস্পষ্ট ইঙ্গিত দেয়।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language