কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল প্রায় ২৩ কেজির বিশাল কোরাল

পটুয়াখালী, ১ এপ্রিল – কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি নামের এক জেলের জালে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। বুধবার সকাল ১০টার দিকে ওই জেলে মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিয়ে আসেন। এত বড় আকৃতির মাছটি দেখতে স্থানীয় উৎসুক মানুষ সেখানে ভিড় জমায়। পরে নিলামের মাধ্যমে মোস্তাফিজ নামের এক মৎস্য ব্যবসায়ী এক হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬৪৫ টাকায় মাছটি কিনে নেন।
ফারুক মাঝি জানান মঙ্গলবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল কোরালটি আটকা পড়ে। খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান বলেন এমন বড় আকারের মাছের বাজারে ব্যাপক চাহিদা থাকে এবং ভালো দামও পাওয়া যায়।
তিনি আরও জানান চলতি বছর এই উপকূলে ধরা পড়া কোরাল মাছগুলোর মধ্যে এটির ওজনই সর্বোচ্চ। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন উপকূলীয় জেলেদের জন্য এটি অত্যন্ত আনন্দের খবর। এর আগেও এই এলাকায় এমন বিশাল আকৃতির বেশ কয়েকটি বড় কোরাল মাছ জেলেদের জালে ধরা পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ১ এপ্রিল ২০২৬









