জাতীয়

৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ

ঢাকা, ১ এপ্রিল – মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে নগদ ক্রয় চুক্তির অধীনে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এমভি এম পি আলট্রা ম্যাক্স ২ নামের এই জাহাজটি তৃতীয় চুক্তির আওতায় দেশে এসেছে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে খালাসের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। এর আগে জি টু জি চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে এসে পৌঁছায়। বাংলাদেশ সরকার সরাসরি যুক্তরাষ্ট্র থেকে জি টু জি ভিত্তিতে গম আমদানি করছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় চুক্তির আওতায় আমদানিকৃত সব গম দেশে এসেছে।

প্রথম চুক্তির আওতায় ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং দ্বিতীয় চুক্তির আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টনসহ মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। দেশে বর্তমানে গমের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টনের মতো। বিপুল এই ঘাটতি মেটাতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদেশ থেকে নিয়মিত গম আমদানি করা হয়ে থাকে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language