জাতীয়

চাঁদপুরে ছাত্রজনতার আন্দোলনের ৩ মামলায় শ্যোন অ্যারেস্ট দীপু মনি

চাঁদপুর, ১ এপ্রিল – ছাত্রজনতার আন্দোলনে সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের করা ৩টি মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে চাঁদপুরের আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে ভার্চুয়ালি তাকে হাজির দেখানো হয়। আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জিআর ৫৭৯ মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মিন্টু দত্ত, জিআর ৫৭১ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাদির শাহ এবং জিআর ৫৮৫ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরে আলম আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাদির শাহ জানান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় ১৮ জুলাই ও ৪ আগস্ট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই মামলায় দীপু মনিকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে তার নির্দেশেই অন্য আসামিরা এ ঘটনা ঘটিয়েছে। আরেক মামলার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান, ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় দীপু মনির ইন্ধনে ছাত্রজনতার ওপর হামলা চালানো হয়।

অপরদিকে এসআই নুরে আলম জানান, একই দিনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দীপু মনির নির্দেশে সড়ক ভবনের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই দুই মামলায়ও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আদালতে দীপু মনির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি নিজেই ভার্চুয়ালি যুক্ত হয়ে অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন এবং এসব ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন।

তবে তদন্তের স্বার্থে আদালত তিনটি মামলাতেই তার শ্যোন অ্যারেস্ট মঞ্জুর করেন। বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হারুনুর রশিদ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলামসহ বিএনপিপন্থি আইনজীবীরা।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language