দক্ষিণ এশিয়া

মহারাষ্ট্রে পথকুকুরকে পিটিয়ে হত্যা, মুম্বাইয়েও একই ঘটনার পুনরাবৃত্তি

মহারাষ্ট্র, ১ এপ্রিল – ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় একটি আবাসন চত্বরে একটি পথকুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে কল্যাণের ভোইরওয়াড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি হাতে ওই আবাসিক এলাকায় ঘোরাফেরা করছেন। পরে আবাসনের পার্কিং লট থেকে কুকুরটির মৃতদেহ উদ্ধার করা হয়। খড়কপাদা থানা পুলিশ জানিয়েছে, কুকুরটির শরীরে থাকা আঘাতের চিহ্ন প্রমাণ করে মৃত্যুর আগে সে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিল।

স্থানীয় এক পশুপ্রেমীর অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ‘প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস ওয়েলফেয়ার সোসাইটি’ বা পজ প্রতিনিধিরাও এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এর আগে একই আবাসনের এক বাসিন্দা কুকুরদের বিষ খাইয়ে মারার হুমকি দিয়েছিলেন, যার প্রেক্ষিতে আলাদা একটি মামলাও হয়েছিল। এছাড়া মুম্বাইয়ের যোগেশ্বরী পশ্চিম এলাকায় প্রায় একই ধরনের আরেকটি নৃশংস ঘটনা ঘটেছে।

সেখানে অজিত গ্লাস গার্ডেনের কাছে দুই ব্যক্তি একটি পথকুকুরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ড্রেনে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পশু হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওশিওয়ারা থানা পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অপরাধীদের খুঁজছে। স্থানীয়দের মতে, কুকুরটি শান্ত স্বভাবের হলেও ঘেউঘেউ করায় ঘুমন্ত অবস্থায় তাকে পিটিয়ে মারা হয়। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language