জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ

ঢাকা, ১ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান যে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সংকটময় সময়ে দেশের জ্বালানি নিরাপত্তা অটুট রাখতে তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।

জবাবে মার্কিন জ্বালানিমন্ত্রী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি নিশ্চিত করেন যে এই কঠিন সময়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ তাদের মতামত বিনিময় করে।

বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language