মধ্যপ্রাচ্য

বাগদাদে মার্কিন নারী সাংবাদিক অপহৃত, সন্দেহভাজন গ্রেপ্তার

বাগদাদ, ১ এপ্রিল – ইরাকের রাজধানী বাগদাদ থেকে শেলি কিটলসন নামের এক অভিজ্ঞ মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় এই অপহরণের ঘটনা ঘটে বলে তার কর্মস্থল ও বিভিন্ন কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তাকে উদ্ধারে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র সরকার।

কারা এই অপহরণের সঙ্গে যুক্ত তা নিশ্চিতভাবে জানা না গেলেও ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতায়িব হিজবুল্লাহর পক্ষ থেকে তাকে আগে থেকেই অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিলান জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, এই অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে কাতায়িব হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কযুক্ত এক ব্যক্তিকে ইরাকি কর্তৃপক্ষ হেফাজতে নিয়েছে।

মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ শেলি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি আল-মনিটরের কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কাতায়িব হিজবুল্লাহ তাকে লক্ষ্যবস্তু করেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন ও ইরাকি কর্মকর্তারা গত কয়েক সপ্তাহে তাকে একাধিকবার ইরাক ছাড়ার সতর্কবার্তা দিয়েছিলেন। ডিলান জনসন মঙ্গলবার বলেন, স্টেট ডিপার্টমেন্ট আগেই সংশ্লিষ্ট ব্যক্তিকে হুমকির বিষয়ে সতর্ক করার দায়িত্ব পালন করেছে। এখন এফবিআইয়ের সঙ্গে সমন্বয় করে তার দ্রুততম মুক্তি নিশ্চিত করার চেষ্টা চলছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাগদাদের কেন্দ্রস্থল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একজন বিদেশি নারী সাংবাদিককে অপহরণ করে। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে অপহরণে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে এবং একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অপহৃত সাংবাদিককে উদ্ধারে বর্তমানে বিশেষ অভিযান চলছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তার নিরাপদ মুক্তি দাবি করেছে।

উল্লেখ্য, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন নাগরিকদের অপহরণ করতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র দূতাবাস আগে থেকেই ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে আসছিল।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language