ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: দালাল চক্রের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ, ৩১ মার্চ – লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দিরাই থানায় দালাল চক্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের অভিযোগ প্রতারণার আশ্রয় নিয়ে মানবপাচারকারীরা ওই যুবকদের বিপজ্জনক পথে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
নিহত সুহানুর রহমান এহিয়ার বাবা সালিকুর রহমান বাদী হয়ে দিরাই থানায় এই মামলাটি করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় চারজন দালালের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন দিরাই উপজেলার তারাপাশা গ্রামের মুজিবুর মিয়া, জগদল গ্রামের ইতালিপ্রবাসী সালেহ আহমেদ, জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামের ছায়েক আহমেদ এবং ছাতক উপজেলার জসিম মিয়া। এ ছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে সুনামগঞ্জের ১২ জন যুবকের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে মৃত্যুর পর তাদের মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে জগন্নাথপুর উপজেলার পাঁচজন, দিরাই উপজেলার ছয়জন এবং দোয়ারাবাজার উপজেলার একজন রয়েছেন। তারা হলেন ইজাজুল হক রেজা, নাইম মিয়া, শায়েক আহমদ জনি, আমিনুর রহমান, আলী আহমদ, নূরুজ্জামান ময়না, শাহান মিয়া, সাজিদুর রহমান, মজিবুর রহমান, সোহানুর রহমান এহিয়া, তায়েফ মিয়া এবং আবু ফাহিম।
নিহতদের পরিবারের সদস্যরা জানান উন্নত জীবনের আশায় তারা এক থেকে পাঁচ মাস আগে লিবিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে নৌকায় করে তাদের গ্রিসে পাঠানোর কথা ছিল। এজন্য প্রত্যেককে দালালদের ১২ থেকে ১৩ লাখ টাকা করে দিতে হয়েছে।
মামলার বাদী সালিকুর রহমান জানান ইতালি প্রবাসী সালেহ আহমদের প্রলোভনে পড়ে তার ছেলে ইউরোপ যাওয়ার জন্য চুক্তি করেছিল। গত ২২ মার্চ ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। তখন ছেলে তাকে খাবার ও পানি না থাকার কষ্টের কথা জানিয়েছিল। এরপর থেকে দালাল সালেহ আহমদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাটিয়াপুর গ্রামের নিহত তায়েফ মিয়ার বাবা আনোয়ার হোসেনও একই অভিযোগ করেছেন। নিরাপদে জাহাজে করে পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা নেওয়া হলেও তাদের ঝুঁকিপূর্ণ নৌকায় পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে আসামিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









