সুনামগঞ্জ

সুনামগঞ্জে দুই দিনের শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশঙ্কায় কৃষকরা

সুনামগঞ্জ, ১৫ মার্চ – সুনামগঞ্জে টানা দুই দিন ধরে ব্যাপক শিলাবৃষ্টি হওয়ায় হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বোরো ধানসহ মাঠের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।

শনিবার রাত ও রোববার সকালের দিকে জেলার দিরাই, শাল্লা, জামালগঞ্জ, তাহিরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলায় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। কয়েক মিনিটের এই তীব্র শিলাবৃষ্টিতে অনেক স্থানে ধানগাছ নুয়ে পড়ার খবর পাওয়া গেছে। চলতি মৌসুমে জেলার ১৩৭টি হাওরে প্রায় ১০ লাখ কৃষক ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। আর মাত্র এক মাস পরই কষ্টের ফসল গোলায় তোলার কথা ছিল তাদের। কিন্তু এর মাঝেই বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি শুরু হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা।

হাওরপারের অনেক কৃষক নিজেদের জমিতে গিয়ে ধানের অবস্থা পর্যবেক্ষণ করছেন। তাদের আশঙ্কা, শিলাবৃষ্টির মাত্রা বাড়লে ধানের শিষ ভেঙে যেতে পারে এবং গাছ মাটিতে লুটিয়ে পড়ে ফলন বিপর্যয়ের মুখে পড়বে।

দিরাই উপজেলার মাইট্টাপুর গ্রামের কৃষক মুতালিব উল্লা জানান, সারা বছর তারা এই বোরো ধানের অপেক্ষায় থাকেন। এখন শিলাবৃষ্টি বেশি হলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।

সুনামগঞ্জ সদর উপজেলার কালিপুর গ্রামের কৃষক শফিক আহমেদ জানান, ধানের শিষ আসতে শুরু করার এই সময়ে ঝড় বা শিলাবৃষ্টি হলে ধান মাটিতে পড়ে গিয়ে ফলন অনেক কমে যায়।

জামালগঞ্জ উপজেলার বড় ঘাগটিয়া গ্রামের কৃষক লতিফ মিয়া অন্যের জমিতে আবাদ করে এখন চরম উৎকণ্ঠায় রয়েছেন।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক জানান, জেলার পাঁচটি উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত ধানের তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শিলাবৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতি হতে পারে বলে তিনি জানান। কৃষি বিভাগ সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে।

এনএন/ ১৫ মার্চ ২০২৬

Back to top button
🌐 Read in Your Language