ভাঙ্গায় বেশি দামে তেল বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর, ৩১ মার্চ – ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে খোলা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালামৃধা বাজারে দীর্ঘদিন ধরে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি হওয়ার অভিযোগ আসছিল।
এই অভিযোগের সত্যতা যাচাই করতে সেখানে আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কালামৃধা বাজারের ব্যবসায়ী পঁয়ষট্টি বছর বয়সী আলমগীর বিলুয়ার দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জরিমানার পর অভিযুক্ত ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে সরকারের নির্ধারিত আইন মেনে সততার সাথে ব্যবসা পরিচালনার লিখিত অঙ্গীকার করেন। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে কঠোরভাবে সতর্ক করা হয়। ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম জানান, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এস এম/ ৩১ মার্চ ২০২৬









