শিক্ষা

স্কুল-কলেজের মাঠ ছুটির দিনে উন্মুক্ত রাখার নির্দেশ সরকারের

ঢাকা, ৩০ মার্চ – দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ এবং সাধারণ শিশু কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম শেষে এবং ছুটির দিনগুলোতে মাঠগুলো স্থানীয় ছেলেমেয়েদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বা মাউশি থেকে এক আদেশে মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশে দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর আগে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো পত্রে মন্ত্রণালয় জানায় যে সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠ নির্ধারণ এবং ব্যবহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পত্রে আরও স্পষ্টভাবে বলা হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম শেষ হওয়ার পর এবং সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে আশপাশের শিশু কিশোরদের খেলাধুলার সুবিধার্থে এসব মাঠ উন্মুক্ত রাখা বাধ্যতামূলক। মাউশি অধিদপ্তর থেকে জারি করা আদেশটি দেশের সকল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language