জাতীয়

৭ এপ্রিল দুই দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নয়াদিল্লি, ৩০ মার্চ – আগামী ৭ এপ্রিল দুই দিনের এক সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন সরকার গঠন করার পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।

সোমবার ঢাকার একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মূলত মরিশাসের রাজধানী পোর্ট লুইসে আয়োজিত ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’ বা ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এই যাত্রাপথে তিনি নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন এবং আনুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নেবেন।

এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দিল্লি সফরের প্রথম দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বৈঠকের পাশাপাশি ভারত সরকারের আরও কয়েকজন উচ্চপদস্থ এবং গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গেও তাঁর সাক্ষাতের বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে।

এ এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language