ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু, নজরে অধ্যাদেশ ও জুলাই সনদ

ঢাকা, ২৯ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন রবিবার বেলা ৩টায় পুনরায় শুরু হয়েছে। গত ১৫ মার্চ প্রথম অধিবেশনটি ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এবারের অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ এবং ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ ইস্যুতে সংসদ উত্তপ্ত হয়ে উঠতে পারে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং তাদের জোটের সদস্যরা এসব বিষয়ে আলোচনার জোর দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যে একাধিক নোটিশও জমা দিয়েছেন। দিনের নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশ্নোত্তর পর্ব।
এছাড়া জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আওতায় প্রাপ্ত নোটিশগুলোরও নিষ্পত্তি করা হয়েছে। সূচি অনুযায়ী এবারের অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করার লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে বিএনপির ১১ জন এবং জামায়াতের ৩ জন সদস্য রয়েছেন। সরকার এবং বিরোধী দল ইতোমধ্যে ১৩৩টির মধ্যে ১১৩টি অধ্যাদেশের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
অবশিষ্ট ২০টি অধ্যাদেশ নিয়ে আলোচনার জন্য আজ রাতে কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, আগামী ১২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ সংসদে পাস না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এ এম/ ২৯ মার্চ ২০২৬









