দিনাজপুর

টানা ১১ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর, ২৯ মার্চ – পবিত্র ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি ও রপ্তানি শুরু হয়েছে। রবিবার ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে বন্দরের এই কার্যক্রম নতুন করে চালু হয়। দীর্ঘ ছুটির পর আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম মন্ডল জানান, গত ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এই বন্দরে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ ছিল। আজ থেকে কার্যক্রম পুরোদমে শুরু হওয়ায় সবার মাঝে স্বস্তি ফিরেছে। হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমির হামজা বলেন, ভারতীয় ট্রাকগুলো বিভিন্ন পণ্য নিয়ে স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ভেতরে প্রবেশ করছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও রপ্তানিযোগ্য পণ্য ভারতে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, আমদানি করা পণ্য খালাসের জন্য কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং শুল্ক পরিশোধ করা থাকলে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বন্দরে পণ্য ওঠানো ও নামানোর কাজে যুক্ত শ্রমিক মো. সাইফুল ইসলাম জানান, এতদিন বন্দর বন্ধ থাকায় তাদের হাতে কোনো টাকা ছিল না এবং ধারদেনা করে চলতে হয়েছে। আজ থেকে পুনরায় কাজ শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে আনন্দ বিরাজ করছে।

এস এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language