মধ্যপ্রাচ্য

ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২৯ মার্চ – ইরানে টানা কয়েক সপ্তাহ ধরে স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে কয়েক হাজার মার্কিন সেনা জড়ো করা হয়েছে। এসব সেনাকে ব্যবহার করে ইরানে এই স্থল অভিযান চালানো হতে পারে। তবে এটি প্রথাগত কোনো স্থল হামলা হবে না বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এই স্থল হামলার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা যুদ্ধে একটি নতুন ধাপ সৃষ্টি করবে। এটি মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর প্রাথমিক সময়ের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এই অভিযানে সাধারণ পদাতিক বাহিনীর বদলে স্পেশাল ফোর্স এবং গোলন্দাজ বাহিনীর সেনারা আকস্মিক অভিযান বা রেইড পরিচালনা করবে। তবে এই ক্ষেত্রে মার্কিন সেনাদের ইরানি ড্রোন, মিসাইল এবং তীব্র গোলাগুলির মুখে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হলো প্রস্তুতি গ্রহণ করা যাতে প্রেসিডেন্ট সর্বোচ্চ সুবিধা কাজে লাগাতে পারেন। তবে পরিকল্পনার অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যে স্থল হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে খার্গ দ্বীপকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত এই দ্বীপ থেকে ইরান তাদের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ রপ্তানি করে থাকে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করার উদ্দেশ্যেই এই দ্বীপটিকে হামলার প্রধান লক্ষ্যবস্তু করা হতে পারে।

কর্মকর্তাদের মতে, এই সম্ভাব্য স্থল হামলার মেয়াদ কয়েক সপ্তাহ হতে পারে। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, এই অভিযান কয়েক মাস ধরেও চলতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language