মানিকগঞ্জ

মানিকগঞ্জে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: গ্রেপ্তার তিন বন্ধু

মানিকগঞ্জ, ২৮ মার্চ – মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকায় কালীগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহটির পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের অটোরিকশাচালক রফিক মিয়া। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই।

শনিবার সকালে পিবিআই মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার পাছবারইল এলাকার সজিব মিয়া, আরমান হোসেন এবং ঘিওরের রাথুরা গ্রামের রিপন মিয়া। পেশায় তারা নির্মাণ শ্রমিক ছিলেন।

পুলিশ সুপার জানান, গত ২৪ মার্চ রাতে গাঁজা খাওয়ার প্রলোভন দেখিয়ে রফিককে কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায় তার তিন বন্ধু। সেখানে আরমান প্রথমে রফিকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। রফিক মাটিতে লুটিয়ে পড়লে আরমান তার হাত ও সজিব পা চেপে ধরে। এরপর রিপন দা দিয়ে কুপিয়ে রফিকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে তারা মাথা ও ধড় নদীতে ভাসিয়ে দেয় এবং রফিকের অটোরিকশাটি নিয়ে সাভারে পালিয়ে যায়।

গত ২৫ মার্চ বিকেলে নদী থেকে পুলিশ রফিকের মাথাবিহীন দেহ উদ্ধার করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৬ মার্চ দুপুর ২টার দিকে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে।

তবে নিহতের মাথাটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মাথা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনএন/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language