দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

আবুধাবি, ২৮ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ড্রোন ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবার এই ড্রোন ডিপোটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় ডিপোটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তথ্য অস্বীকার করেছে।
ইরানের বিপ্লবী গার্ডের খতম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় ওই ড্রোন ডিপোতে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। হামলার পর এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্পষ্ট না হওয়ায় তারা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এর জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। এর অংশ হিসেবে আমিরাতের দুবাই ও আবুধাবিতে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ব্যবস্থার ডিপোও তাদের অন্যতম লক্ষ্যবস্তু ছিল।
এর আগে শনিবার এক অঘোষিত সফরে আমিরাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জানান যে দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোতে হামলার তথ্য জানায় ইরান।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









