সংসদে শব্দযন্ত্র বিভ্রাট: নাশকতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

ঢাকা, ২৮ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে শব্দযন্ত্র বা সাউন্ড সিস্টেমে দেখা দেওয়া বিভ্রাটের পেছনে কোনো নাশকতা ছিল কি না তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংসদ কমিটি। এ ঘটনা তদন্তে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সংসদ কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে কার্যক্রম কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
চিফ হুইপ নূরুল ইসলাম জানান সাউন্ড সিস্টেমে কোনো ধরনের নাশকতা হয়েছে কি না তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি শনাক্ত করতে ইতোমধ্যে বুয়েটের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোন নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন বর্তমান হেডফোনগুলো অনেক বড় আকারের হওয়ায় তা ব্যবহারে কান ও মাথা গরম হয়ে যায়। তাই এগুলো দ্রুত পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা করা হয়।
চিফ হুইপ জানান মন্ত্রী স্পিকার ও হুইপদের বাইরে সাধারণ সংসদ সদস্যদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম কিনে বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সাউন্ড সিস্টেম সংস্কারে দেরির কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেন গত ৫ আগস্টের পর দেশে নির্বাচনের পরিবেশ নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল তবে এখন সবকিছু নিয়মমাফিক পরিচালনার চেষ্টা চলছে।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









