সরকারি দল গণরায় মানছে না, সংবিধানের অপব্যবহার করছে: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ, ২৮ মার্চ – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে বর্তমান সরকারি দল জনগণের রায় মেনে নিচ্ছে না। তারা নিজেদের স্বার্থ অনুযায়ী সংবিধানের মনগড়া ব্যাখ্যা দিচ্ছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি দলের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে কথা বলে, আর বিপক্ষে গেলে তারা সংবিধান মানে না। এমন দ্বিমুখী আচরণ এর আগে আওয়ামী লীগের আমলেও দেখা গেছে। নাহিদ ইসলাম আরও জানান, আওয়ামী লীগ যেভাবে সংসদকে নিয়ন্ত্রণ করে সংবিধানকে দলীয়করণ করেছিল, ঠিক একই প্রবণতা বর্তমান ক্ষমতাসীনদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। সরকারের এই অবস্থান অব্যাহত থাকলে সাধারণ জনগণ আবারও রাজপথে নেমে তাদের মতামত জানাবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তার মতে, এমন পরিস্থিতি চলতে থাকলে এনসিপি শুধু সংসদের ভেতরেই নয়, রাজপথেও সক্রিয় ভূমিকা পালন করবে। রাজপথ থেকেই তারা সংসদে গিয়েছেন এবং কোনোভাবেই রাজপথের আন্দোলনকে ভুলে যাবেন না। একইসঙ্গে সংস্কার, ন্যায়বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। দেশের অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জেও এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









