জাতীয়

টিকিট কেটে মিরপুর চিড়িয়াখানায় প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ঢাকা, ২৮ মার্চ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে এই পরিদর্শন শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তিনি চিড়িয়াখানার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরিদর্শনের শুরুতে তিনি প্রাণী পুষ্টি শাখায় গিয়ে প্রাণীদের জন্য বরাদ্দকৃত খাদ্যের মান ও পরিমাণ যাচাই করেন। এরপর তিনি বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র এবং ওষুধ সংরক্ষণাগার ঘুরে দেখেন। সেখানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি প্রাণীদের সার্বিক পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন।

চিড়িয়াখানার পরিবেশ ও ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করা এবং কোনো ধরনের ত্রুটি বা অবহেলা থাকলে তা চিহ্নিত করাই ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য। পরিদর্শনকালে তিনি সেখানে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। ছুটির দিন হওয়ায় রাজধানীসহ আশেপাশের জেলা থেকে আসা হাজারো দর্শনার্থীর পদচারণায় চিড়িয়াখানা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বেদখল হওয়া প্রায় ৭ একর জমি দ্রুত সময়ের মধ্যে পুনরুদ্ধারের নির্দেশ প্রদান করেন।

একইসঙ্গে দর্শনার্থীদের সুবিধার্থে পাবলিক টয়লেটের সংখ্যা বৃদ্ধি, বসার স্থান সম্প্রসারণ, রাস্তাঘাট সংস্কার এবং সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। পশুপাখির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান। বর্তমান বাজেটের মধ্যেই এসব দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু করতে হবে বলে তিনি উল্লেখ করেন। এই আকস্মিক পরিদর্শন প্রসঙ্গে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন যে, চিড়িয়াখানায় কোনো প্রকার অব্যবস্থাপনা রয়েছে কি না, তা সরেজমিনে দেখতেই তিনি কাউকে না জানিয়ে ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত হন।

তিনি আরও জানান, প্রাণীদের খাদ্য সরবরাহ সন্তোষজনক হলেও দর্শনার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এটিকে একটি লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমান জানান, প্রতিমন্ত্রী আকস্মিকভাবে এসে নিজেই প্রতিটি বিষয় তদারকি করেছেন। কিছু স্থানে পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতার সমস্যা চিহ্নিত করে তিনি দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন, যা অতিসত্ত্বর বাস্তবায়ন করা হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার এবং চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language