নিউইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী: বহুপাক্ষিকতাই পররাষ্ট্রনীতির ভিত্তি

ঢাকা, ২৮ মার্চ – জাতিসংঘে যোগদানের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার প্রতি বাংলাদেশের জোরালো অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। নিউইয়র্কে জাতিসংঘে অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত দেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনৈতিক মহলের বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘে যোগদানের পর থেকে বাংলাদেশ বিশ্বজুড়ে শান্তিরক্ষায় নিরবচ্ছিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের জন্য অব্যাহত সহায়তা প্রদান করছে বাংলাদেশ। তিনি আরও উল্লেখ করেন যে নানা বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জাতিসংঘ সনদের আলোকে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে গত পাঁচ দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, ২৬ মার্চ কেবল একটি জাতির জন্মক্ষণ নয়, এটি মূলত এ দেশের জনগণের অদম্য ইচ্ছাশক্তি, মর্যাদা এবং স্বাধীনতার চিরন্তন বিজয়ের প্রতীক। এই সংবর্ধনা অনুষ্ঠানের আগে মিশনের অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জাতীয় নেতাদের বাণী পাঠ করা হয় এবং স্বাধীনতা দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









