আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর নাকচ করল তথ্য মন্ত্রণালয়

ঢাকা, ২৮ মার্চ – বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।
দ্য ডেইলি স্টারসহ কয়েকটি গণমাধ্যমে সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের নজরে আসে। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্তটি বাতিল করা হয়নি। এই বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে তাদের মতামত ও পরামর্শ চেয়ে চিঠি পাঠিয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করার লক্ষ্যে এই প্রতিবাদলিপি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









