জাতীয়

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, ফিরতে পারে পুরোনো ইউনিফর্ম

রাজশাহী, ২৮ মার্চ – বর্তমান পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন পুলিশ বাহিনীকে তাদের পুরোনো ঐতিহ্যবাহী কোনো একটি পোশাক ফিরিয়ে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। শনিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অন্যতম একটি অংশ হলো পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশ বাহিনীকে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপমুক্ত রাখতেই এই কমিশন গঠন করা হয়েছে এবং শিগগিরই দেশবাসী এর সুফল ভোগ করবে। এবারের সমাপনী কুচকাওয়াজে মোট ৭২ জন শিক্ষানবিশ পুলিশ সুপার অংশ নেন যার মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী। কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব।

দীর্ঘ প্রশিক্ষণে অসামান্য কৃতিত্বের জন্য মো. ফাহিম ফয়সাল বেস্ট প্রবেশনার এবং বেস্ট অ্যাকাডেমিক ক্যাটাগরিতে পদক লাভ করেন। এ ছাড়া বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ পদক পান মো. আরাফাত হোসেন বেস্ট হর্সম্যানশিপ পদক অর্জন করেন শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেন বাপী কুমার দাশ। গত ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে এই ৭২ জন কর্মকর্তা তাদের বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।

এস এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language