যমুনা সেতুতে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটির বেশি

ঢাকা, ২৮ মার্চ – ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতু এলাকায় যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ৩০ হাজার ৫৬টি যেখান থেকে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৬ মার্চ এই সেতু দিয়ে ৩৭ হাজার ১১০টি যানবাহন পারাপার হয়েছিল। সেদিন টোল আদায় হয় ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় ৯ হাজার ১৬৮টি যানবাহন বেশি পারাপার হয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ও গাজীপুরমুখী মানুষের স্রোত বেড়েছে। বর্তমানে যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অতিরিক্ত যানবাহনের চাপ রাস্তায় গাড়ি বিকল হওয়া এবং ছোটখাটো দুর্ঘটনার কারণে যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। মাঝে মাঝে যানজটেরও সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেতু কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









