দৌলতপুরে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ দুই কৃষক

কুষ্টিয়া, ২৮ মার্চ – কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর, গোয়ালঘর ও ফসল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় গবাদিপশু বাঁচাতে গিয়ে ওই কৃষক ও তার ভাই গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালানো হয়েছিল। সেখান থেকে হঠাৎ আগুন ধরে মুহূর্তের মধ্যেই তা বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে মারা যায় চারটি গরু ও চারটি ছাগল। এছাড়া ঘরে রাখা একটি মোটরসাইকেল, আসবাবপত্র এবং ফসল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর গবাদিপশু ও মালামাল রক্ষার চেষ্টা করতে গিয়ে বাড়ির মালিক জানবার প্রামাণিক এবং তার ভাই হোসেন প্রামাণিক দগ্ধ হন। ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, আকস্মিক এই আগুনে পরিবারটি সর্বস্বান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা চলছে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









