জাতীয়

বাংলাদেশের আলুর জন্য বাজার উন্মুক্ত করল ভিয়েতনাম

ঢাকা, ২৮ মার্চ – বাংলাদেশের আলু রপ্তানির জন্য আনুষ্ঠানিকভাবে নিজেদের বাজার উন্মুক্ত করেছে ভিয়েতনাম সরকার। ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির এই অনুমোদন প্রদান করেছে। শুক্রবার রাতে ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভিয়েতনামের প্রচলিত বিধিমালা অনুযায়ী কোনো দেশ থেকে আলু রপ্তানি করতে চাইলে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।

এরপর ভিয়েতনামের কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই করে সন্তুষ্ট হলে আমদানির অনুমোদন দেয়। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল। সফলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির যোগ্যতা অর্জন করেছে। এই প্রসঙ্গে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান জানান যে এই অর্জন বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

একই সাথে প্রান্তিক কৃষকরাও এর সুফল ভোগ করবেন। তিনি আরও উল্লেখ করেন ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই উদ্যোগ দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই অনুমোদনের ফলে ভবিষ্যতে তিলের মতো অন্যান্য উদ্ভিদজাত পণ্য রপ্তানির পথও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশি কৃষিপণ্যের জন্য ভিয়েতনামের বাজারে প্রবেশাধিকার আরও বাড়াতে দূতাবাস তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

এস এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language