উত্তর আমেরিকা

এফবিআই প্রধান কাস প্যাটেলের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা

ওয়াশিংটন, ২৮ মার্চ – যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছে ইরানি হ্যাকাররা। হ্যাকিংয়ের পর সেখান থেকে প্রাপ্ত বিভিন্ন ছবি ও সংবেদনশীল তথ্য অনলাইনে প্রকাশ করে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনকে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী হ্যাকাররা কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল থেকে ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত আদানপ্রদান করা বিভিন্ন তথ্য ও ছবি হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের পাশাপাশি ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন নোটিশও রয়েছে।

তবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ওই ইমেইলে এফবিআইয়ের কোনো নিজস্ব বা দাপ্তরিক তথ্য ছিল না।

এর আগে বার্তাসংস্থা রয়টার্স এই হ্যাকিংয়ের খবর প্রথম প্রকাশ্যে আনে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত গ্রুপটি চলতি মাসের শুরুতে আরও একটি বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল। সেই হামলায় যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হয়। ওই সময় হ্যাকিং গ্রুপটি দাবি করেছিল ইরানের স্কুলে হামলা ও গণহত্যার প্রতিশোধ নিতেই তারা এই সাইবার হামলা চালিয়েছে।

এনএন/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language