মধ্যপ্রাচ্য

বুশেহর পরমাণু কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করল ইরান

তেহরান, ২৮ মার্চ – ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর চালানো তৃতীয় হামলা। মঙ্গলবার রাতে এই হামলাটি ঘটে। তবে এতে কোনো প্রাণহানি বা স্থাপনার আর্থিক ও প্রযুক্তিগত ক্ষয়ক্ষতি হয়নি।

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। এই ঘটনার পর তেহরান গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী এ ধরনের স্পর্শকাতর স্থাপনাগুলো সামরিক হামলার আওতাভুক্ত নয়। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু একটি দেশের জন্যই নয় বরং পুরো অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য ভয়ানক ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক স্থাপনার কাছাকাছি এ ধরনের সামরিক তৎপরতা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মাঝে এই ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিষয়টি নিয়ে নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে।

এস এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language