সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের জোরালো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ, ২৮ মার্চ – সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় বেশ কয়েকটি মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে এই ঘটনায় ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অন্যদিকে দ্য জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে যে হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা মাঝ আকাশেই প্রতিহত করেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশসীমায় আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে আকাশে শোনা বিস্ফোরণের শব্দ মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কারণেই তৈরি হয়েছে।
বাহরাইনেও একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুন ধরে যাওয়ার খবর নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটির আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানায়। তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তাই হামলা চালানোর আগে সবাইকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা প্রায় ১৫০০ জন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ১১৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিসের কর্মকর্তা মারিয়া মার্টিনেজ জানিয়েছেন ইরানে যৌথ বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









