দক্ষিণ এশিয়া

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

কাঠমান্ডু, ২৮ মার্চ – নেপালে জেন জিদের টানা আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

গত বছরের সেপ্টেম্বর মাসে নেপালের তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিচালিত ওই গণবিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হয়েছিলেন। এই ব্যাপক প্রাণহানির ঘটনায় সাবেক এই প্রধানমন্ত্রীর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ দায় রয়েছে কি না, তা তদন্তের স্বার্থেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মূলত দেশটিতে স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ওই তরুণদের আন্দোলনের সূচনা হয়। তবে এর নেপথ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত অর্থনৈতিক সংকট ও জনঅসন্তোষ প্রধান ভূমিকা পালন করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক দমনপীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান।

ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল বা ইউএমএলের জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি জানিয়েছেন, শনিবার সকালে সাবেক প্রধানমন্ত্রীকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র ওম অধিকারীও ওলি এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে চলতি বছরের ৫ মার্চ অনুষ্ঠিত নেপালের সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ। গত শুক্রবার তিনি নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

ওলি সরকারের পতনের পর এটিই ছিল দেশের প্রথম সাধারণ নির্বাচন। নতুন সরকার শপথ নেওয়ার ঠিক পরদিনই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের এই ঘটনা ঘটল।

আন্দোলনে প্রাণহানির ঘটনায় সরকার সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ মানুষের ওপর গুলি চালানোর সরাসরি কোনো নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বা গুলি বন্ধ করতে যথাযথ কোনো উদ্যোগও নেওয়া হয়নি। সরকারের এই চরম অবহেলার কারণেই বিক্ষোভে অপ্রাপ্তবয়স্করাও প্রাণ হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language