শরীয়তপুর

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, ছাত্রনেতাদের ক্ষোভ

শরীয়তপুর, ২৮ মার্চ – জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ছাত্রনেতাদের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং তাদের অনুসারীরা ইচ্ছাকৃতভাবে এ ধরনের নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। তারা মনে করেন জুলাই সনদ সম্পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় গণআন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ জন শহীদের স্মৃতি রক্ষার্থে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই স্তম্ভটি নির্মাণ করা হয়েছিল। কংক্রিটের মূল কাঠামোর ওপর নির্মিত লোহার এই স্মৃতিস্তম্ভে শহীদদের নাম খোদাই করা ছিল। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি স্থানীয় প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নজরে আসে।

জানা গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসীন মাদবরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। ১৭ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন জ্বলে ওঠার পর পরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির তীব্র ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে তাদের মধ্যে প্রবল আক্রোশ কাজ করছে। জুলাই সনদ বাস্তবায়নের আগ পর্যন্ত তারা এমন নাশকতা আরও চালাতে পারে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

ঘটনার বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান পুলিশ ইতোমধ্যে খবর পেয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তবে এটি ঠিক কবে বা কখন ঘটানো হয়েছে তা পুলিশ নিশ্চিতভাবে যাচাই করছে।

এনএন/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language