মধ্যপ্রাচ্য

সাইরেন বাজলেই বিল না দিয়ে পালাচ্ছেন ইসরায়েলিরা

তেল আবিব, ২৭ মার্চ – ইরান থেকে কোনো মিসাইল বা ড্রোন হামলার আশঙ্কা তৈরি হলে ইসরায়েলের প্রায় সর্বত্র সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটে যান। তবে এই আতঙ্কজনক পরিস্থিতির অভিনব অপব্যবহার করছেন কিছু সুবিধাবাদী ইসরায়েলি নাগরিক।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, অনেক মানুষ দোকানে কেনাকাটা করতে বা রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে সাইরেন বাজার জন্য অপেক্ষা করতে থাকেন। যখন সাইরেন বেজে ওঠে, তখন দোকান ও রেস্তোরাঁর কর্মীরা প্রাণ বাঁচাতে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যান। ঠিক সেই মুহূর্তের সুযোগ নিয়ে বিল পরিশোধ না করেই পণ্য বা খাবার নিয়ে সটকে পড়েন ওই ক্রেতারা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ইরানও নিয়মিত পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। এর ফলে প্রায় প্রতিদিনই ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজছে। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিছু মানুষের এমন আচরণ স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি করছে, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

এনএন/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language