সরকার আমাদের, সাবেক ডিসিকে আমরাই বদলি করেছি: পরাজিত বিএনপি প্রার্থীর দাবি

কুষ্টিয়া, ২৭ মার্চ – কুষ্টিয়া চার (কুমারখালী ও খোকসা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী দাবি করেছেন, তারা ইচ্ছা করেই কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসককে বদলি করেছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার তাদের।
স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।
মেহেদী আহমেদের দেওয়া বক্তব্যের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে এই প্রবীণ নেতা অভিযোগ করেন, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। তার মতে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং নিজ দলের কিছু বিশ্বাসঘাতক মিলে তাকে মাত্র ৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছে।
তিনি দাবি করেন, নির্বাচনে তিনি ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছিলেন এবং ষড়যন্ত্র না হলে তিনি অন্তত এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হতেন। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি ৬০ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার বর্তমান বয়স ৭৩ বছর।
মুক্তিযুদ্ধে নিজের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আক্ষেপ করেন যে, অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত হলেও তাদের প্রকৃত কোনো অবদান নেই। নির্বাচনের সময় প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি কড়া সমালোচনা করেন।
তার অভিযোগ, কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুমারখালী ও খোকসা উপজেলা প্রশাসন নির্বাচনের সময় তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সত্য কথা বলার কারণেই তাকে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে তিনি মনে করেন।
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বলেও জানান সৈয়দ মেহেদী আহমেদ। তিনি বলেন, আদালত তার আবেদন গ্রহণ করেছেন এবং আগামী ২৪ জুন এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ভোট পুনরায় গণনা করা হবে এবং শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হবেন।
উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন।
এনএন/ ২৭ মার্চ ২০২৬









