পাইপলাইনে ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পৌঁছাল পার্বতীপুরে

আসাম, ২৭ মার্চ – ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল এসে পৌঁছায়। শুক্রবার পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামের নুমালিগড় থেকে সরাসরি পার্বতীপুরে ডিজেল আসতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।
শুক্রবার সকাল আটটার দিকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে এই ডিজেল মজুত করা হয়। উত্তরাঞ্চলের আটটি জেলার কৃষিকাজে সেচ ও যানবাহন চলাচলে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের মধ্যে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে দেশে আসবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানায়, এর আগে গত ১১ মার্চ পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসেছিল। শুক্রবার আরও পাঁচ হাজার মেট্রিক টন আসার পর আগামী সপ্তাহে সমপরিমাণ ডিজেল আসার কথা রয়েছে। এছাড়া আগামী চার মাসের মধ্যে এই পাইপলাইন দিয়ে অতিরিক্ত আরও পঞ্চাশ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিপিসি।
এস এম/ ২৭ মার্চ ২০২৬









