দেশের পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’

ক্যানবেরা, ২৭ মার্চ – দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পেল তানিম নূর পরিচালিত সিনেমা বনলতা এক্সপ্রেস। দর্শকদের বিপুল প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে এই ছবি। শুক্রবার ২৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে তারকাবহুল এই সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ও পরিবেশক প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস।
বঙ্গজ ফিল্মস জানিয়েছে শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন ক্যাম্পবেল টাউন এবং ক্যারোসল সহ মোট ১৯টি প্রেক্ষাগৃহে দর্শক বনলতা এক্সপ্রেস দেখতে পারবেন। এছাড়া আগামী এপ্রিল মাস থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্পে যাত্রীদের জীবনের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম চঞ্চল চৌধুরী শরিফুল রাজ সাবিলা নূর এবং আজমেরী হক বাঁধনের মতো জনপ্রিয় তারকারা। মুক্তির পর থেকেই দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বক্স অফিসে আয়ের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
এস এম/ ২৭ মার্চ ২০২৬









