কুমিল্লার কালাকচুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, স্ত্রী ও দুই সন্তানসহ মাদরাসা শিক্ষকের মৃত্যু

কুমিল্লা, ২৭ মার্চ – ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মাদরাসা শিক্ষক এবং তাঁর স্ত্রী ও দুই সন্তান। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার কালাকচুয়া এলাকায় দ্রুতগামী একটি বাসের সঙ্গে তাঁদের প্রাইভেটকারের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মুফতি আব্দুল মমিন, তাঁর স্ত্রী ঝরনা বেগম, ছেলে সাইফ এবং মেয়ে লাবিবা।
এ ছাড়া গাড়িটির চালক জামাল হোসেনও ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মমিনের আরেক ছেলে আবরার গুরুতর আহত হয়ে বর্তমানে কুমিল্লার ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে মুফতি আব্দুল মমিন ঢাকার মোহাম্মদপুরে জামিয়া আরাবিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। ঈদের ছুটিতে তিনি পরিবারসহ নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামে নিজ বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তাঁরা।
দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের বহনকারী প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। শুক্রবার বাদ জুমা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে শ্বশুরবাড়ির মসজিদ প্রাঙ্গণে তাঁদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাঁদের দাফন করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একসঙ্গে একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের গ্রামের বাড়ি পরিদর্শন করেছে।
এস এম/ ২৭ মার্চ ২০২৬









