জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

ঢাকা, ২৬ মার্চ – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে জাইমা রহমান। রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা।

জানা গেছে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম সাক্ষাৎ।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে দুজনের সবশেষ দেখা হয়েছিল। সেদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আবদুল হামিদের উত্তরসূরি মো. সাহাবুদ্দিন। তিনি চুপ্পু নামেই সমধিক পরিচিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ক্ষমতা দখলকারীদের হাতে তাঁকে কারাবরণ করতে হয়েছিল। এছাড়া ২০০১ সালে বিএনপি ও জামায়াত জোট সরকারের আমলে সংখ্যালঘু এবং বিরোধীদের ওপর হামলার অভিযোগ তদন্তে গঠিত কমিশনের প্রধান ছিলেন তিনি।

সাবেক এই জেলা ও দায়রা জজ বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও কাজ করেছেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তাঁকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ববর্তী সরকারের পতন ঘটলেও বঙ্গভবনে বহাল থাকেন মো. সাহাবুদ্দিন। তাঁর আদেশে সংসদ বিলুপ্ত হয় এবং তিনি অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ান। অক্টোবরে অভ্যুত্থানকারী কয়েকটি সংগঠন তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন করলেও সাংবিধানিক সংকট এড়াতে তাঁকে স্বপদে বহাল রাখা হয়।

বর্তমান সরকারের পাশাপাশি বিএনপির অবস্থানও এ বিষয়ে ইতিবাচক বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language