জাতীয়

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

ঢাকা, ২৬ মার্চ – অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার জন্য ‘ডিপ স্টেট’ একটি কৌশল তৈরি করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপি আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এই দাবি করেন।

আসিফ মাহমুদ জানান, তারা যখন সরকারের দায়িত্বে ছিলেন, তখন বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠান বা ‘ডিপ স্টেট’ তাদের প্রস্তাব দিয়েছিল যেন শেখ হাসিনার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত তারা শেষ করেন। এর বিনিময়ে ওই প্রতিষ্ঠানগুলো সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছিল।

তিনি আরও জানান, তাদের নির্দিষ্ট কিছু শর্ত ছিল এবং কিছু জায়গায় বিশেষ সুবিধা চাওয়া হয়েছিল। তারা একটি রূপরেখাও তৈরি করেছিল যেখানে বলা হয়েছিল আদালতের মাধ্যমে বিএনপি নেতাদের সাজা প্রলম্বিত করা হবে। তারেক রহমানের নামেও সাজা থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। ক্ষমতায় থাকার এই পুরো কৌশল ও সমঝোতার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছিলেন বলে জানান এই সাবেক উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, তারা সবসময় গণতন্ত্রকে প্রাধান্য দিয়েছেন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। কিন্তু বর্তমানে বিগত সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ায় নির্বাচনের সমান সুযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তার মতে, সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে তারা কোনো আপস করেননি।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language