মধ্যপ্রাচ্য

আইআরজিসি নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

তেহরান, ২৬ মার্চ – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বা আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হত্যার খবর নিশ্চিত করেছেন।

আল জাজিরা এবং বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী তারা বিমান হামলা চালিয়ে আইআরজিসির এই শীর্ষ নৌ কমান্ডারকে হত্যা করেছে।

ইসরায়েল কাৎজ এক ভিডিও বিবৃতিতে জানান গত রাতে একটি সুনির্দিষ্ট এবং প্রাণঘাতী অভিযানের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয়। ওই হামলায় নৌ কমান্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি আরও দাবি করেন আলিরেজা তাংসিরি সরাসরি হরমুজ প্রণালী বন্ধের জন্য দায়ী ছিলেন এবং তাকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে।

গত মাসে যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন রুট হরমুজ প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে বন্ধ রয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আলিরেজা তাংসিরি ২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে ২০১০ সাল থেকে তিনি ওই বাহিনীর উপ কমান্ডারের দায়িত্ব পালন করেন। চলতি বছরের ১০ মার্চ থেকে এক্সে তার নামে পরিচালিত একটি অ্যাকাউন্ট বেশ সক্রিয় ছিল। ইরানের বিভিন্ন গণমাধ্যম ওই অ্যাকাউন্টের পোস্ট উদ্ধৃত করে খবরও প্রকাশ করেছিল।

তাংসিরি বরাবরই তার কড়া বক্তব্যের জন্য পরিচিত ছিলেন। অতীতে তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার কঠোর অবস্থান ব্যক্ত করেছিলেন। ২০১৯ সালে তিনি হুঁশিয়ারি দেন যে ইরানের তেল রপ্তানিতে বাধা দেওয়া হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। একই বছর ওই প্রণালীর কাছে একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার ঘটনায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাংসিরিসহ আইআরজিসির বেশ কয়েকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশ করতে ভয় পাচ্ছেন। ট্রাম্পের মতে তারা যদি স্বীকার করেন যে আলোচনা চলছে তবে নিজেদের জনগণের হাতেই তাদের নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language