দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় বিএনপি মহাসচিবের গভীর শোক

রাজবাড়ী, ২৫ মার্চ – রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অর্ধশত যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিদের খোঁজ এখনো পাওয়া যায়নি। এ পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছালেও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান চরমভাবে ব্যাহত হচ্ছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দেশব্যাপী মানুষের মনে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় অসংখ্য হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে চলা অবহেলা ও অমনোযোগিতার কারণেই এমন প্রাণহানি ঘটছে। কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক থাকলে এ ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। নদীতে নিখোঁজ যাত্রীদের উদ্ধারকাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান বিএনপি মহাসচিব।
এনএন/ ২৫ মার্চ ২০২৬









