ফতুল্লায় সড়কে লাশ ফেলে পালানোর সময় অ্যাম্বুলেন্স জব্দ, চালক আটক

নারায়ণগঞ্জ, ২৫ মার্চ – নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে একটি মৃতদেহ ফেলে পালানোর সময় চালক ও হেলপারসহ একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার সকাল ৯টার দিকে ফতুল্লার নরসিংপুর এলাকায় তারা স্পিনিং মিলের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক রাজু মিয়া ও তার হেলপার হৃদয়কে নিজেদের হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় সকালে তারা স্পিনিং মিলের সামনে সন্দেহজনকভাবে একটি লাশ ফেলে অ্যাম্বুলেন্স নিয়ে পালানোর চেষ্টা করা হচ্ছিল।
এ সময় সন্দেহ হলে এলাকাবাসী ধাওয়া দিয়ে অ্যাম্বুলেন্সটিসহ চালক ও হেলপারকে আটক করে। পরবর্তীতে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। আটকের পর অ্যাম্বুলেন্স চালক রাজু মিয়া দাবি করেন যে খানপুর হাসপাতাল থেকে লাশটি দাফনের উদ্দেশ্যে বক্তাবলী নিয়ে যাওয়ার কথা বলে তাকে ভাড়া করা হয়েছিল।
কিন্তু পঞ্চবটী এলাকায় পৌঁছানোর পর ভাড়া করা ব্যক্তিরা গাড়ি থেকে নেমে যান এবং তাকে লাশ নিয়ে বক্তাবলী ঘাটে যেতে বলেন। এরপর থেকে ওই ব্যক্তিদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে হেলপার পরিচয় দেওয়া হৃদয় জানান চালক তাকে ভয়ে সাহায্য করার অনুরোধ করায় তিনি গাড়িতে উঠেছিলেন।
তিনি নিহতের কোনো স্বজন নন এবং পেশাদার হেলপারও নন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শহিদুল জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্স ও লাশটি হেফাজতে নিয়েছে।
তদন্তসাপেক্ষে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ অজ্ঞাত ওই মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করছে।
এ এম/ ২৫ মার্চ ২০২৬








