স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় ট্রাফিক নির্দেশনা জারি করল ডিএমপি

ঢাকা, ২৫ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিতব্য কুচকাওয়াজ এবং অন্যান্য অনুষ্ঠান ঘিরে ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নাগরিক ভোগান্তি এড়াতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্ব রয়েছে। এসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত একটি কনসার্ট আয়োজিত হবে।
উক্ত অনুষ্ঠানগুলো নির্বিঘ্ন করতে সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যান চলাচলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত চলাচল করতে পারবে না। প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড, সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং এবং জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এছাড়া নির্দিষ্ট কিছু ক্রসিংয়ে ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে। জাহাঙ্গীরগেট থেকে আগত যানবাহনগুলো বিজয় সরণি দিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করবে। মিরপুর দশ নম্বর থেকে আসা যানবাহনগুলো আগারগাঁও লাইট ক্রসিং থেকে ঘুরে শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহার করবে। ফার্মগেট বা বিজয় সরণি থেকে আসা গাড়িগুলো খেজুরবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর রোড অভিমুখে যাবে। ধানমন্ডি থেকে আসা গাড়িগুলো মিরপুর রোড এবং টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে। মিরপুর বা শ্যামলী থেকে মহাখালীগামী যানবাহনগুলোকে মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউ, খেজুরবাগান ও বিজয় সরণি রুট ব্যবহার করতে বলা হয়েছে।
এস এম/ ২৫ মার্চ ২০২৬









