জামালপুরে কালোবাজারে বিক্রির সময় ৩ হাজার লিটার পেট্রলসহ আটক ১১

জামালপুর, ২৫ মার্চ – জামালপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় প্রায় তিন হাজার লিটার পেট্রলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় এই আটকের ঘটনা ঘটে।
পরবর্তীতে বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃত ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার হাকিম মিয়া, হামিদুর রহমান ও মো. মারুফ হোসেন। সদর উপজেলার হাফিজুর রহমান। মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল ও আলতাফুর রহমান। সরিষাবাড়ী উপজেলার মো. জুগলু মিয়া, মো. জহুরুল ইসলাম ও মো. সবুজ মিয়া এবং বগুড়া জেলার ফুল মিয়া ও মনির হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে কেন্দুয়া কালিবাড়ি এলাকার সোহেল নামের এক ব্যবসায়ীর দোকান থেকে কয়েকজন খুচরা ব্যবসায়ী অতিরিক্ত দামে পেট্রল কিনেছিলেন। এরপর তারা কয়েকটি যানবাহনে করে তেলের ড্রামগুলো নিয়ে যাচ্ছিলেন। গাড়িগুলো কেন্দুয়া বাজারের কাছে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়।
তারা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় গাড়িতে বিপুল পরিমাণ পেট্রল দেখতে পেয়ে স্থানীয়রা চালকসহ ১১ জনকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি পিকআপ ভ্যান, একটি ভটভটি, ব্যাটারিচালিত ভ্যান ও অটোরিকশাসহ ১৫টি ড্রামে থাকা প্রায় তিন হাজার লিটার পেট্রল জব্দ করে পুলিশ।
সেই সাথে গাড়িচালক ও খুচরা তেল ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করা হয়। এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং জব্দকৃত পেট্রল ইতিমধ্যেই থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ এম/ ২৫ মার্চ ২০২৬









