চট্টগ্রাম

ঈদের ছুটিতেও চট্টগ্রাম বন্দরে নিরবচ্ছিন্ন পণ্য খালাস, ওয়েটিং টাইম শূন্য

চট্টগ্রাম, ২৫ মার্চ – ঈদের দীর্ঘ ছুটির মধ্যেও নিজেদের অপারেশনাল সক্ষমতা বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে পণ্য খালাস ও জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর। বন্দর কর্তৃপক্ষের নিবিড় তদারকিতে এই সময়ে পণ্য পরিবহনে কোনো স্থবিরতা দেখা যায়নি। গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনে মোট ৫৪ হাজার ৮৯৮ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এর মধ্যে আমদানি পণ্যের কনটেইনার ছিল ২৮ হাজার ৯৬১ টিইউএস এবং রপ্তানি পণ্যের কনটেইনার ছিল ২৫ হাজার ৯৩৭ টিইউএস। সবচেয়ে বেশি ১১ হাজার ৮৬১ টিইউএস কনটেইনার প্রসেস করা হয়েছে ১৮ মার্চ। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উল্লেখিত সাত দিনে বন্দরে মোট ২৫ লাখ ৮ হাজার ৬১৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। এর মাঝে আমদানি পণ্য ছিল ২৩ লাখ ৬১ হাজার ৭৮৬ মেট্রিক টন এবং রপ্তানি হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৮২৮ মেট্রিক টন। কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৪ লাখ ৩৪ হাজার ৪৩৪ মেট্রিক টন হ্যান্ডলিং করা হয়। এই এক সপ্তাহে মোট ৬৪টি জাহাজ বন্দরে বার্থিং ও হ্যান্ডলিং করা হয়েছে। ১৯ মার্চ সর্বোচ্চ ১৪টি জাহাজ হ্যান্ডলিং করা হয়। ঈদের ছুটির কারণে ২১ মার্চ কার্যক্রমে কিছুটা ধীরগতি থাকলেও ২২ ও ২৩ মার্চ জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। বন্দর সচিব আরও জানান, ২৪ মার্চ বন্দরে ৫৯ হাজার টিইউএস ধারণক্ষমতার বিপরীতে মজুদ ছিল ৪৩ হাজার ২০০ টিইউএস।

এর মধ্যে পূর্ণ কনটেইনার ৩৬ হাজার ২৫৩ টিইউএস, ডিপো কনটেইনার ২ হাজার ৬৫৪ টিইউএস এবং খালি কনটেইনার ছিল ১ হাজার ৬৫২ টিইউএস। আইসিডি কমলাপুরগামী ৫১২ টিইউএস কনটেইনার বর্তমানে বন্দরে রয়েছে। পণ্য খালাসের গতিশীলতা বজায় থাকায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮১ টিইউএস কনটেইনার ডেলিভারি দেওয়া হয়েছে। সম্প্রতি কর্মবিরতি ও জাহাজের আগমন বৃদ্ধির কারণে জাহাজের ওয়েটিং টাইম দুই থেকে তিন দিনে উন্নীত হয়েছিল। তবে বর্তমানে কর্তৃপক্ষের সার্বিক তদারকি ও সমন্বয়ের ফলে আউটার অ্যাঙ্করেজে জাহাজের অপেক্ষমাণ সময় পুনরায় শূন্য দিনে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা বন্দরের জন্য একটি বড় সাফল্য।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language