মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ শর্ত

তেল আবিব, ২৫ মার্চ – ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে চুক্তিতে পৌঁছাতে পাঁচটি শর্ত দিয়েছে ইরান। সোমবার হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে ফেব্রুয়ারির শেষভাগ থেকে শুরু হওয়া যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরান এই শর্তগুলো দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।

প্রথম শর্ত হিসেবে ইরান চেয়েছে ভবিষ্যতে আর যেন কোনো যুদ্ধ শুরু না হয় সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন নিরাপত্তা ব্যবস্থা গঠনের দাবি জানিয়েছে তেহরান। ইরানের প্রস্তাব অনুযায়ী এই ব্যবস্থার মাধ্যমে ওই এলাকার নিয়ন্ত্রণ কার্যত তাদের হাতেই থাকতে হবে। তৃতীয় শর্ত হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার দাবি জানিয়েছে ইরান। তাদের মতে এসব ঘাঁটি থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। চতুর্থ শর্তে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান।

ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় দেশের অবকাঠামো ও অর্থনীতির বড় ক্ষতি হয়েছে বিধায় ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম শর্ত হিসেবে ইরান অভিযোগ করেছে যে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া বা তাদের হস্তান্তরের দাবি জানিয়েছে দেশটি। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সাম্প্রতিক সময়ে তেহরান আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এরপর থেকে ইরান ও তাদের মিত্রদের সঙ্গে পাল্টাপাল্টি হামলা চলছে।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language