জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত তথ্যমন্ত্রীর

ঢাকা, ২৫ মার্চ – জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আগামী সংসদ অধিবেশনে এই সংক্রান্ত আইন পাস করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন। সরকারের এক মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করায় দেশের জনগণের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তথ্যমন্ত্রী জানান সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এখন থেকে প্রতি মাসে জনগণের সামনে সকল কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে।

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবারকে চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকলকেই এই কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান শুরু হয়েছে এবং প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। এছাড়াও সংসদ সদস্যরা এখন থেকে কোনো শুল্কমুক্ত গাড়ির সুবিধা বা প্লট গ্রহণ করবেন না বলে তিনি জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা ভিআইপি প্রটোকল বহরও বাতিল করা হয়েছে।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language